কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) দুপুরে দেবিদ্বার উপজেলার খাদঘর এলাকার একটি মাঠ থেকে বাসটি জব্দ করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে হানিফ পরিবহনের একটি বাস উল্টো পথে আসছিল। এ সময় একটি প্রাইভেট কার সেটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান প্রাইভেট কারটির ওপর উল্টে পড়ে। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা একই পরিবারের বাবা, মা ও দুই ছেলে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীও আহত হন। আহতদের বর্তমানে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় নিহতদের ভাই আবুল কালাম হানিফ পরিবহনের মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করেছেন।