হাসনাতের আসনে বিএনপির সমর্থন পেলেন গণঅধিকারের জসিম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। এতে বিএনপির মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের পর আসনটিতে নতুন করে জমে উঠছে নির্বাচনী উত্তেজনা। গতকাল দুপুরে জসিম উদ্দিনকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।

এর আগে ঋণখেলাপি হওয়ার অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। এ অবস্থায় নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থনের নির্দেশ দেয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের কাছ থেকে জসিম উদ্দিনকে সমর্থনের মৌখিক নির্দেশনা পাওয়া গেছে বলে জানান তারেক মুন্সী। পরে দলের দপ্তর থেকেও একই নির্দেশ দেয়া হয়।

এ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগে আসনটি বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি অভিযোগে আলোচনার কেন্দ্রে চলে আসে।

বিএনপির সমর্থন নিশ্চিত হওয়ার গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন জানান, দেবীদ্বার বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সময় কম থাকলেও প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চান। বিএনপির নেতাকর্মীরা পাশে থাকায় জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি।

জসিম উদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকে গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন ১১ দলীয় জোটভুক্ত এনসিপির হাসনাত আবদুল্লাহ। ভোটের মাঠে সবাইকে ‘হেভিওয়েট প্রার্থী’ হিসেবে দেখছেন বলেও জানান তিনি।

কুমিল্লা-৪ আসনে আরো প্রতিদ্বন্দ্বিতা আবদুল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং ইরফানুল হক সরকার (ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ)। এর আগে হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান।

আরও