দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম

সর্বশেষ গত ২২ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

দেশের বাজারে দুই দফা বাড়ানোর পর স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ সকালে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে বাজুস। নতুন মূল্য তালিকা সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড তথা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২০০ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সর্বশেষ গত ২২ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২ হাজার ৭৪১ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

চলতি বছর এ নিয়ে ৯৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। দাম বাড়ানো হয়েছে ৪৫ বার, আর কমেছে মাত্র ৪৮ বার এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রৌপ্যের দামও কমানো হয়েছে। প্রতি ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।

আরও