খালেদা জিয়ার মৃত্যুতে এনসিপির শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের পক্ষ থেকে এ শোক জানানো হয়।

শোক বার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রদূত ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। তিনি তার রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র রক্ষার এক অবিচল প্রতিক্রিয়া হিসেবে নেতৃত্ব প্রদান করেছেন। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অনন্য অবদান রেখেছেন।

এতে আরো বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ, দমন ও ষড়যন্ত্রের মুখোমুখি হলেও তিনি কখনো নিজের আদর্শ, দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের জন্য আপোষ করেননি। তার সাহস, দৃঢ়তা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হিসেবে স্থায়ীভাবে চিহ্নিত হবে। তার সংগ্রাম শুধুমাত্র একটি সময়ের রাজনৈতিক ঘটনা নয়-এটি আমাদের সবার জন্য গণতন্ত্রের প্রতি অটল থাকার অনুপ্রেরণা, স্বৈরাচারবিরোধী প্রতিজ্ঞা এবং দেশনেত্রী হিসেবে জাতির প্রতি দায়বদ্ধতার এক অমলিন শিক্ষা।

শোক বার্তার শেষাংশে বলা হয়, আমরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, অনুসারী ও দেশের মানুষদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আরও