শিক্ষার্থীরাই নতুন রাজনীতির ভবিষ্যৎ: এ্যানি

এ্যানি বলেন, শিক্ষার্থীরাই হতে পারে নতুন রাজনীতিবিদ, ভালো দলের নেতৃত্ব দিতে পারে তারা। ২৪-এর জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাজনীতিবিদদের মাঝে যে গুণগত পরিবর্তন দরকার, তা সমাজে খুবই প্রয়োজন।

শিক্ষার্থীদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষার্থীরাই হতে পারে নতুন রাজনীতিবিদ, ভালো দলের নেতৃত্ব দিতে পারে তারা। ২৪-এর জুলাই আন্দোলনের শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, রাজনীতিবিদদের মাঝে যে গুণগত পরিবর্তন দরকার, তা সমাজে খুবই প্রয়োজন।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর টাউনহল অডিটোরিয়ামে আলফা স্টার ফাউন্ডেশন ও লক্ষ্মীপুর সোসাইটির যৌথ উদ্যোগে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ্যানি বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট শাসনের জাতাকলে পড়ে কিছু শিক্ষক পরীক্ষায় অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য হয়েছিলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে নকলমুক্ত পরিবেশ সৃষ্টিতে আন্দোলন-সংগ্রাম করেছে বলেও দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, সমাজ পরিবর্তনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুননেছা খন্দকার, ঢাকা মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের অধ্যক্ষ ড. এইচ এম ওয়ালি উল্যাহ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসান।

অনুষ্ঠান শেষে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

আরও