উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাত থেকে আগামীকাল শুক্রবার সকালের মধ্যে লন্ডনে নেয়া হতে পারে। খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক দলসহ ১৪ জনের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।
এর আগে, খালেদা জিয়াকে লন্ডনে নিতে অ্যাম্বুলেন্স সেবার অনুরোধ জানিয়ে ঢাকার কাতার দূতাবাসে নোট ভার্বাল পাঠিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই অনুরোধে সম্মতি ও অনুমোদন দিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি। সে সঙ্গে প্যাসেঞ্জার লিস্ট জানতে চাওয়া হয় কাতার দূতাবাসের পক্ষ হতে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ১৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকা অনুযায়ী, খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার পরিবারের সদস্য, চিকিৎসক দল, নিরাপত্তাকর্মী ও গৃহপরিচারিকা।
খালেদা জিয়ার সফরসঙ্গীর তালিকা। ছবি- বিএনপি মিডিয়া সেল
তালিকা অনুসারে, খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান। খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন আছেন সফরসঙ্গীর তালিকায়। আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী।
চিকিৎসা সহায়তার জন্য সঙ্গে যেসব চিকিৎসক যাচ্ছেন তারা হলেন—ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।
পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক এবং চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমানও সফরে যুক্ত থাকছেন।
এছাড়া নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্য— হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ সফরে থাকবেন।
গৃহপরিচারিকা হিসেবে সফরসঙ্গী হিসেবে ফাতেমা বেগম ও রূপা শিকদারকে রাখা হয়েছে।