চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি

চট্টগ্রাম মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ জোরদারে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।

এতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে কমিটির আহ্বায়ক এবং একই সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। মহানগরীর খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোই এ কমিটির মূল লক্ষ্য।

কমিটির সদস্যরা হলেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং পানি উন্নয়ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ হিসেবেও একজন সদস্য রাখা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটি নিয়মিত সভার মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করবে। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সরকারকে সুপারিশ দেয়ার ক্ষমতাও থাকবে কমিটির।

আরও