ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধুদের সঙ্গে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে মাইনুল ইসলাম রিফাত (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রিফাত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিজেশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রিফাতের বন্ধু সাব্বির রহমান জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে যান। শনিবার বেলা ১১টার দিকে তারা পর্যটনকেন্দ্রে পৌঁছে নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর রিফাতকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর নদীর পাশ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।