লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বেলাল চৌধুরী নামে এক বিএনপি নেতার বসতঘরের দুই পাশের দরজায় তালা লাগিয়ে দৃর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ঘরে থাকা বেলালের ৭ বছর বয়সের ঘুমন্ত শিশুকন্যা আয়েশা আক্তার সানজু আগুনে পুড়ে মারা গেছে। দগ্ধ হয় ঘুমন্ত আরো দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪)। তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়াও বেলালকে ভর্তি করা হয়েছে লক্ষ্মীপুর সদর হাসপাতালে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা নামক এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক।
পরিবার ও স্থানীয় জানায়, বিএনপি নেতা বেলাল চৌধুরী চরমনসা এলাকায় নিজ ঘরে রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই কন্যা। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।
বেলালের মা হাজেরা বেগম বলেন, আমি রাতে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানালা দিয়ে দেখি আমার ছেলের টিনশেড ঘরে আগুন জ্বলছে। আমি দ্রুত বেরিয়ে আসি। ঘরের দুই দরজাতে তালা ছিল, তাই ঢুকতে পারিনি। আমার ছেলে দরজা ভেঙে বেরিয়ে আসে। আমার ছেলের স্ত্রী নাজমা দুই হাতে করে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসে।
তিনি আরো জানান, ঘরের একটি কক্ষে আমার নাতনি সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। তাদের মধ্যে দু'জনকে অগ্নিদগ্ধ অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু ছোট মেয়ে সানজু ঘরের মধ্যেই পুড়ে মারা গেছে। তার ছেলে বেলালও আহত হয়।
তিনি দাবি করেন, দুর্বৃত্তরা টিনশেড ঘরের দুটি দরজায় তালা দিয়ে পেট্রলের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। তবে ঘটনাটি কারা করেছে বা কারো সঙ্গে কোনো দ্বন্দ্বের বিষয় তিনি জানাতে পারেননি।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনার স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থায় গুরুতর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা যান। আরো তিনজন অগ্নিদগ্ধ হন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, ঘটনাটি নিন্দনীয়। আমরা সঠিক তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করছি।