গণভোট বিষয়ে দ্রুত নির্দেশনা চাওয়ার আহ্বান এনসিপির

গণভোট আয়োজনে সরকারের কাছে দ্রুত নির্দেশনা চাওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল কমিশনের সঙ্গে সংলাপে দলটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

গণভোট আয়োজনে সরকারের কাছে দ্রুত নির্দেশনা চাওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল কমিশনের সঙ্গে সংলাপে দলটির পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সংলাপে বলেন, ‘বাংলাদেশে অনেক দিন পর গণভোট হচ্ছে। কিন্তু এখনো বাস্তবায়নের নীতিমালা স্পষ্ট নয়। সময় খুবই স্বল্প। তাই সরকারের কাছে দ্রুত এ বিষয়ে নির্দেশনা চাওয়ার জন্য কমিশনকে আহ্বান জানাই।’

নিবন্ধন পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে প্রথম সংলাপে অংশ নিয়েছে এনসিপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাও সংলাপে অংশ নেন।

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গণভোটের প্রক্রিয়া বাস্তবায়নের সুনির্দিষ্ট নীতিমালা কবে নাগাদ পাওয়া যাবে, সংলাপে তা জানতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী। ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি তার স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে পারে এবং তার প্রতিশ্রুতি যদি কোনো রাজনৈতিক দলের কাছে না হয়, তাহলে এনসিপি নির্বাচন কমিশনকে শতভাগ সহযোগিতা করবে।’

জোটের প্রার্থী নিজ দলের প্রতীকে নির্বাচন করবে—গণপ্রতিনিধিত্ব আদেশে এমন সংশোধনকে সাধুবাদ জানিয়ে নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্তে অনড় থাকার আহ্বান জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি নারী সহযোগীদের সাইবার হ্যারাসমেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনিটরিং সেল গঠনের দাবি জানান। প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন সময়সীমা নিয়ে তিনি বলেন, ‘লিমিটেড টাইম না করে প্রসেসগুলো আগে চালু করা উচিত ছিল। তাহলে টার্ন-আউট রেট অনেক বেশি হতো।’

উপস্থিত এনসিপি নেতারা নির্বাচনী পোস্টারে দলীয় প্রধানের বাইরে কারো ছবি রাখা যাবে না বলেও দাবি জানান। নির্বাচনী আচরণবিধির ৭ ধারার চ উপধারাই ইসির ‘প্রথম পরীক্ষা’—এমন মন্তব্য করে এনসিপি নেতা জহিরুল ইসলাম সংলাপে বলেন, ‘বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া। সে ক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করেন, তাহলে কমিশনকে তার ওপর এ বিধিমালা প্রয়োগ করতে হবে। তখন এ কমিশনের সক্ষমতাটা দেখা যাবে।’

এদিকে সংলাপের পর নির্বাচনী প্রচারণায় ছবি ব্যবহারের বিষয়ে প্রকাশিত সংবাদ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে এনসিপি। দলটির নেতা জহিরুল ইসলাম মুসা বলেন, ‘দুপুরে নির্বাচন কমিশনে আমরা যা বলেছি, তা বিদ্যমান আইনের আলোকে।’ তিনি বলেন, ‘বিএনপির বিষয়টা একটি উদাহরণ হিসেবে বলা হয়েছে, ব্যক্তি আক্রমণের উদ্দেশে নয়।’

আরও