কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৮ এপিবিএনে কর্মরত এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালায় ৩০ বিজিবির রামু ব্যাটালিয়ন। এ সময় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল সজিব বেপারীর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
এ বিষয়ে ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, কনস্টেবল সজিব বেপারী বৃহস্পতিবার ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। কীভাবে তিনি মাদক পাচারের সঙ্গে জড়িত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে ৩০ বিজিবি (রামু ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আটক পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।