নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং কর্মকর্তা রুহুল আমিন। গত শুক্রবার রাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনায় মারা যাওয়া দেশের প্রথম নার্স রুহুল আমিন।
গতকাল বেলা ১১টায় নগরীর মানিকপীর গোরস্তানে তার দাফন সম্পন্ন হয়। শামসুদ্দিন হাসপাতাল ও সিটি করপোরেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হয়।
সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালকে করোনা আইসোলেশন সেন্টার ঘোষণা করে এই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে কাজ করতে গিয়েই আক্রান্ত হন রুহুল আমিন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, করোনা আক্রান্ত হয়ে ২২ মে রুহুল আমিন নিজের কর্মস্থল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। গতকাল সকালে স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।