সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জানাজা শেষে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এ প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। খবর বাসস।

জানাজা শেষে পুষ্পস্তবক অর্পণ করে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার ও স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যান্য উপস্থিত ব্যক্তিরাও সাবেক এ প্রতিমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র পেশ ইমাম আবু রায়হান তার জানাজায় ইমামতি করেন।

জানাজায় আরো অংশ নেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ডেপুটি স্পিকার (বীর বিক্রম), ব্যারিস্টার কায়সার কামাল ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিপরিষদ বিভাগের অন্যান্য সদস্যরা।

মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হওয়ার পর তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনীতিতে তিনি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। এছাড়া সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তাকে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছিল।

আরও