চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর এলাকার মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫), সুন্দরপুর নয়ালাভাঙ্গা এলাকার মৃত বিশু হাজীর ছেলে তাজবুল ইসলাম (৪৭) ও বহরম হঠাৎপাড়া এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৩৫)। এছাড়াও বজ্রপাতে তিনটি গরুও মারা গেছে।
মঙ্গলবার (২০ মে) বিকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধান কাটার সময় বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম। তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে মাঠে থাকা গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান তাজবুল ইসলাম। এসময় ওই মাঠে থাকা তিনটি গরুও মারা যায়। অন্যদিকে, ৪নং বাঁধ এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান জালাল উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বজ্রপাতে নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।