বিএনপির অন্যতম প্রধান অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আবদুল মোনায়েমকে (মুন্না) সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলামকে (নয়ন) সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ সালের ৯ জুলাই সংগঠনটির ৬ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম বর্তমানে হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার ওপর আস্থা রাখায় বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
ঘোষিত কমিটিতে রেজাউল কবীরকে (পল) জ্যেষ্ঠ সহসভাপতি ও মো. কামরুজ্জামান জুয়েলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। যুবদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে পদ বিন্যাসে ব্যাপক সমন্বয় করা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে ২৯ জন সহসভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহসাধারণ সম্পাদক ও ১২ জন সহসাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে। এ ছাড়া ৫ জন আইনবিষয়ক সম্পাদক ও আল মেহেদী তালুকদারকে প্রচার সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সদস্য রাখা হয়েছে মাত্র ১১ জনকে, যাদের মধ্যে পাঁচজনকে সহসাধারণ সম্পাদকের পদমর্যাদা দেয়া হয়েছে। আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক হিসেবে খায়রুজ্জামান লিঙ্কনকে সহসভাপতি পদমর্যাদায় ও এ আর মামুন খান ও মুজাহিদুল ইসলাম মুরাদকে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় রাখা হয়েছে।