ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হলের সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরকে স্মারকলিপি দেয়া হয়েছে।
রোববার (২৯ জুন) অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (অ্যাক্ট) নামে একটি সংগঠন এ উদ্যোগ নিয়েছে। স্মারকলিপিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীরা হলে প্রতিনিয়ত নানাবিধ সমস্যা ও সীমাবদ্ধতার সম্মুখীন হচ্ছেন। যা তাদের সুশিক্ষা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। একটি নিরাপদ, স্বাস্থ্যকর, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে সমস্যাগুলোর দ্রুত সমাধান প্রয়োজন।
সমস্যা সমাধানে তিনটি দাবি উত্থাপন করেছেন অ্যাক্টের প্রতিনিধিরা। সেগুলো হলো—
হলে অবস্থানরত নারী শিক্ষার্থীর মা কিংবা বোনকে জরুরি প্রয়োজনে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে।
অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে (যেমন: পরীক্ষা, অসুস্থতা) নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে হলে সাময়িক অবস্থানের সুযোগ দিতে হবে।
নারী শিক্ষার্থীদের নির্দিষ্ট কার্ড চেকের মাধ্যমে মেয়েদের প্রত্যেক হলে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে।
অ্যাক্টের প্রতিনিধি মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, ‘নারী শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে মা-বোনকে ও অনাবাসিক শিক্ষার্থীদের হলে সাময়িক অবস্থানের সুযোগ ও অন্যান্য সুবিধা প্রদানের জন্য নিয়ম শিথিল করার দাবি জানানো হয়েছে। এতে ভিসি স্যার ও প্রক্টর স্যার কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।’
অ্যাক্টের প্রতিনিধি রোকেয়া ঈশিতা এনাম বলেন, ২০১৮ সালের দিকে মা-বোনদের জরুরি প্রয়োজনে বিশ্রামের অনুমতি ছিল। এখন এ সুযোগ না দেয়া প্রশাসনের গাফেলতি। অনাবাসিকদের কার্ড দেখানো সাপেক্ষে ঢুকতে দিতে হবে। কারণ তারা হলের সিট থেকে বঞ্চিত, দূর থেকে এসে ক্যাম্পাসে খাবার, বিশ্রাম ও নামাজের পরিবেশ পায় না।’
স্মারকলিপি দেয়ার সময় ৫ হলের নারী শিক্ষার্থীদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন।