জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী কক্সবাজার সফরের অংশ হিসেবে আজ তিনি শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান শহীদ ওয়াসিমের মা জোসনা বেগমের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। এসময় শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলমসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনব্যাপী কক্সবাজার সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সফরের অংশ হিসেবে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন উদ্বোধন, পথসভায় অংশগ্রহণ, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, সাফারি পার্ক পরিদর্শন, গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের পাশাপাশি শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।
বৈষম্যবিরোধী আন্দোলনে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্র লীগের সংঘর্ষে নিহত হন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের স্নাতক চুতর্থ বর্ষের ছাত্র ওয়াসিম শহীদ হন। তিনি কলেজ ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন।