খান জাহান আলী মাজারে দিঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে

বাগেরহাটে খান জাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে এক শিশুকে টেনে নিয়ে গেছে কুমির।

গতকাল রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির বয়স আনুমানিক সাত বছর। ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধোয়া বা গোসলের জন্য পানিতে নেমেছিল। এ সময় একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। তিনি বলেন, ‘শিশুটির সঙ্গে তার মা ছিলেন। তবে তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় হয়তো তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। মা ও শিশু মাজার এলাকায় বাস করেন।’

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগেরহাট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মামুনুর রশিদ রাত ১০টায় সংবাদমাধ্যমকে বলেন, ‘কুমির যেহেতু হিংস্র প্রাণী তাই পানিতে নামাটা ঝুঁকিপূর্ণ। আবার রাতের বেলা। তার পরও আমরা খোঁজাখুঁজি করছি।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ), জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ও পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

গত ৮ এপ্রিল একই দিঘিতে একটি কুকুরকে কুমিরের টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সে সময় ঘটনাস্থলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আরও