ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু)
নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত না হওয়াকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলে মন্তব্য
করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার (১০ মার্চ) ঢাবির হাজী মুহম্মদ
মুহসিন হলের সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই অ্যাসোসিয়শনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে
এ কথা বলেন তিনি।
ডাকসুর নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, ঢাকা
বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, নির্বাচন করার দায়িত্ব তাদের। এখানে আওয়ামী
লীগের কোনো হস্তক্ষেপ নেই। প্রতিবছরই নির্বাচন হওয়ার কথা। নিয়মিত নির্বাচন করতে না
পারাটা তাদের ব্যর্থতা।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে ‘অরাজনৈতিক’ উল্লেখ
করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সব জায়গায় রাজনীতি করতে চাই না। কিছু কিছু জায়গা
রাজনীতি থেকে বাইরে রাখতে হয়। অ্যালামনাইয়ের চরিত্র অরাজনৈতিক হওয়া উচিত।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বলেছিলেন
আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ কোনো বিলাসী রাজনীতি
করে না, পকেটের রাজনীতি করে বিএনপি, শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে এক
প্রশ্নের জবাবে বলেন, তিনি এখন যেখানে আছেন সেটাই হচ্ছে আদালতের এখতিয়ার। প্রধানমন্ত্রী
শেখ হাসিনা তার উদারতা, মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার
অনুমতি দিয়েছেন। এর অর্থ এই নয় যে তার সাজা বাতিল হয়ে গেছে।
তিনি বলেন, ‘এটা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্বাহী
ক্ষমতা বলে। এটা তার মহানুভবতা। শারীরিক কারণে, মানবিক কারণে তার সাজা স্থগিত রাখা
হয়েছে। এখন তিনি ইলেকশন করবেন, কী রাজনীতি করবেন সেটা এখনো আদালতের জাজমেন্টের ওপর
নির্ভর করে।’
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক
মো. নিজামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান,
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সংসদ সদস্য
মুজিবুল হক চুন্নু, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো
উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ, সম্মিলিত
সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসসহ অ্যাসোসিয়শনের সদস্যরা উপস্থিত ছিলেন।