সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গিয়েছে। এ সময় বাল্কহেডে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এর কিছুক্ষণ পর আরেকটি বাল্কহেড সেতুর ৯ নম্বর পিলারে ধাক্কা দিয়ে সেখানেই আটকে যায়। আজ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, ডুবে যাওয়া বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে নারায়ণগঞ্জ ও আটকে থাকা বাল্কহেডটি সিরাজগঞ্জ থেকে বালুবোঝাই করে ফরিদপুর সিঅ্যান্ডবি ঘাটের দিকে যাচ্ছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি সঙ্গে সঙ্গে বিষয়টি জেলা প্রশাসক ও নৌ-পুলিশকে জানানো হয়েছে।
ডুবে যাওয়া বাল্কহেডের শ্রমিক আক্তার হোসেন বলেন, দুপুর পৌনে ১২টার দিকে আমরা সিরাজগঞ্জ বালু ব্যবসায়ী সাত্তারের বালুর মহাল থেকে বালু ভর্তি করে বাল্কহেডটি নিয়ে নারায়ণগঞ্জের দিকে রওনা দেই। নদীতে অতিরিক্ত স্রোতের কারণে পিলারের সঙ্গে ধাক্কা লাগার পর আমাদের বাল্কহেডটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে আমরা পাঁচজন লাইফ জ্যাকেট পরা অবস্থায় সাঁতরে বেলকুচির রান্ধুনীবাড়ী চরে এসে উঠি। আমরা সবাই সুস্থ আছি।
বঙ্গবন্ধু রেল সেতুর প্রকৌশলী ফারুক হোসেন বলেন, নদীর প্রবল স্রোতের কারণে বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে এবং সেখানেই ডুবে যায়। তার কিছুক্ষণ পর ৯ নম্বর পিলারের সঙ্গে আরেকটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দিয়ে আটকে যায়। তিনি আরো বলেন, দুদিন আগে একই স্থানে বালুবোঝাই একটি বাল্কহেড ডুবে গিয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। তাকে এখনো উদ্ধার করা যায়নি বলে জানতে পেরেছি।