প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (৬
মে) অনুষ্ঠেয় রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। লন্ডনের ওয়েস্টমিনস্টার
অ্যাবিতে জাঁকজমকপূর্ণ এই আয়োজন হবে। খবর বাসস।
অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসোর্টকে
মুকুট পরানো হবে। পরিচালনা করবেন ক্যান্টারবারির আর্চবিশপ।
এর আগে গতকাল রাষ্ট্র ও সরকার প্রধান বা
বিদেশী প্রতিনিধিদের জন্য প্রদত্ত তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।
জাপানে দ্বিপাক্ষিক সফর ও যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগদানের
পর প্রধানমন্ত্রী তার সফরের তৃতীয় ধাপে আজ শনিবার (৬ মে) অনুষ্ঠিতব্য রাজা তৃতীয় চার্লসের
রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ৪ মে লন্ডনে পৌঁছান।
প্রধানমন্ত্রী গতকাল বিকেলে কমনওয়েলথ দেশগুলোর
নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনের যোগদানের পাশাপাশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ
দেন।
লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েট মার্লবোরো
হাউসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের
সঙ্গে কমনওয়েলথ সরকার প্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
কমনওয়েলথ চেয়ার ইন অফিস রুয়ান্ডার প্রেসিডেন্ট
পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক প্রধান সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত হয়।
৭৪ বছরের রাজা তৃতীয় চার্লস তার মা রানী
দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের
রাজা হন।
রাজকীয় ঐতিহ্য অনুসারে জাতীয় শোক ও বিশাল
প্রস্তুতির কয়েক মাস পরে একজন ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন,
বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা
উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর লন্ডনে
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন এবং রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ
করেন।
গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা
ঢাকা ত্যাগ করেন। ১৫ দিনের সরকারি সফরে শেষে প্রধানমন্ত্রী আগামী ৯ মে লন্ডন থেকে দেশে
ফিরবেন।