ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম খাদেমুল ইসলাম (২৫)। তিনি বনচৌকি আমঝোল সীমান্ত এলাকার আমজাদ হোসেনের ছেলে। ভোরে খাদেমুল ইসলাম বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হন।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনের সঙ্গে খাদেমুল ভারতীয় সীমান্তের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল চোরাকারবারি সন্দেহে তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে হাতে, পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন খাদেমুল। আহত অবস্থায় তার সঙ্গীরা তাকে উদ্ধার করে রাতেই রংপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়।

নিহত খাদেমুলের বাবা আমজাদ হোসেন দাবি করেছেন, তার ছেলে চোরাকারবারি ছিলেন না, তিনি পেশায় জেলে ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’

আরও