গতকাল উপজেলার অরণখোলা ইউনিয়নের টেলকি জলই গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গ্যাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার বাড়ি মধুপুর উপজেলার জলই গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগলের বাচ্চা পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে নেইমার ম্রং ভেতরে নামে। কিছুক্ষণ কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধারের জন্য একে একে আরো তিনজন গর্তের ভেতরে প্রবেশ করেন। তারাও আর বাইরে না ফেরায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর চারজনের মরদেহ উদ্ধার করে।
মধুপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মনির হোসেন বলেন, ‘পরিত্যক্ত টয়লেটের গর্ত থেকে চারজনের মরদেহ উদ্ধার করি। আমি নিজে ভেতরে গিয়ে প্রথমে একজনকে উদ্ধার করি, এরপর বাকি তিনজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। গর্তটির গভীরতা আনুমানিক ৮-১০ ফুট।’
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, ‘পরিত্যক্ত টয়লেটের গর্তে ছাগল পড়ে যায়। সেটি উদ্ধার করতে গিয়ে একজন করে পর্যায়ক্রমে চারজন গর্তে প্রবেশ করলে চারজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’