নেত্রকোনা-৪ আসনে নির্বাচিত হওয়ার পর দায়িত্ব ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, তিনি কখনো কোনো পদ বা দায়িত্ব চাননি। তবে দায়িত্ব দেয়া হলে সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করবেন। পাশাপাশি দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
লুৎফুজ্জামান বাবর জানান, তিনি কখনো কোনো কিছুর জন্য আবদার করেননি। দায়িত্ব পেলে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা পালন করবেন। ভোট দিয়ে নির্বাচিত করায় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা–৪ আসনে মোট ভোটার ছিল ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭টি এবং বাতিল হয়েছে ৬ হাজার ১০৬টি ভোট।
ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট। ফলে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের ব্যবধানে বিজয়ী হন লুৎফুজ্জামান বাবর।
লুৎফুজ্জামান বাবর এর আগে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ নির্বাচনে জয়ী হয়ে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।