মাদারীপুরে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে মাদারীপুর পৌর শহরের চরমুগরিয়ায় এই কর্মসূচি পালন করে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
কর্মসূচির অংশ হিসেবে চরমুগুরিয়া গরুরহাট এলাকায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) মাদারীপুর জেলায় কর্মরত কর্মকর্তারা সড়কের পাশে বিভিন্ন প্রকারের ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন।
এ সময় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মাদারীপুরের মনিটরিং কর্মকর্তা ওয়াদুদ খান বলেন, জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আমাদের প্রতিষ্ঠান রিক সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। সেই ধারাবাহিকতায় মাদারীপুর জোনাল অফিসের অধীনস্থ সব শাখা অফিসের কর্মকর্তারা বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। আশা করছি, এই কর্মসূচির আওতায় আমরা যে সব বৃক্ষরোপণ করেছি, এগুলো থেকে ভবিষ্যতে মানুষ ও পশুপাখিরা ফল খেতে পারবে। পাশাপাশি প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এই বৃক্ষ বড় ভূমিকা পালন করবে।
এ সময় ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মাদারীপুরের মনিটরিং কর্মকর্তা ওয়াদুদ খান, জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, এরিয়া ম্যানেজার শেখ নাহিদ হাসান, শাখা ব্যবস্থাপক মো.বাবুর আলী, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক রিপনচন্দ্র মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা।