দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন গণশুনানির আয়োজন করেছে। আগামীকাল সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হবে।
গণশুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগ লালমনিরহাট জেলার সব সরকারি দপ্তর প্রধানের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে সেবাবঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল অভিপ্রায়।