রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হানিফ সওদাগর (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী ও তার শিশু সন্তান।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজস্থলী উপজেলার ইসলামপুরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি পেশায় মাছ ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, রাজস্থলী উপজেলা সদরমুখী একটি সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা বাঙ্গালহালিয়াগামী আরেকটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হানিফ সওদাগর মারা যান।
আহত দুজন হলেন ঞোনাইচিং মারমা (৩৫) ও তার আড়াই বছরের ছেলে থুইনুচিং মারমা। তারা এখন চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে চিকিৎসাধীন।
চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালের পরিচালক প্রবীর খিয়াং জানান, দুর্ঘটনায় আহত মা ও সন্তান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে আনার আগেই হানিফ সওদাগরের মৃত্যু হয়।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।