ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রদলসহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেয়া হয়নি। বিশেষ করে ছাত্রদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেয়া হয়েছে। তবে আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়গুলোয় আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গোটা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছি তাতে আমি সন্তুষ্ট নই। রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি উনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ শহীদের কবর জিয়ারত করবেন। বিএনপি ক্ষমতায় এলে এই পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সভাপতি আবু তাহের দুলাল সহ দলটির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।