বগুড়ায় ঘরে ঢুকে ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের দুই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা হলেন লাইলি বেওয়া (৮০) ও তার নাতবউ হাবিবা বেগম (২২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন লাইলি বেওয়ার নাতনি বন্যা আক্তার (১৬)। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
গতকাল বুধবার (১৬ জুলাই) রাত প্রায় ৮টার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার পর কয়েকজন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে সেখানেই মারা যান লাইলি বেওয়া ও হাবিবা বেগম। এ সময় সেখানে থাকা বন্যাকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, হত্যার সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।