পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে আগে যা লুটপাট হয়েছে তার জন্য দায় নির্ধারণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর হতে দেয়া হবে না।
তিনি বলেন, বিগত সময়ে হওয়া লুটপাটের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। আজ ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, বর্তমানে ঢাকা শহরের দূষণের মাত্রা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। মানুষের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন জরুরি।
তিনি জানান, শুধু অতীতকে দোষারোপ করে লাভ নেই। পরিবেশ দূষণ কমানো সবারই জাতীয় দায়িত্ব।
পরিবেশমন্ত্রী আরো বলেন, মাটি পোড়ানো ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ইট ব্যবহারে যেতে হবে। তবে এটি এক বা দুই বছরের মধ্যে সম্ভব নয়। এ পরিবর্তন সময়সাপেক্ষ হলেও ধীরে ধীরে পরিবেশবান্ধব ব্লক ইট ব্যবহারের দিকে এগোতে হবে।