টি-২০ বিশ্বকাপ

নিরাপত্তা প্রশ্ন আমলে নেয়ার আশ্বাস আইসিসির, আলটিমেটামের খবর অসত্য: বিসিবি

বিসিবি জানিয়েছে, টাইগারদের ‘পূর্ণ ও নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ’ নিশ্চিত করতে আইসিসি বিসিবির সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

বিসিবি জানিয়েছে, আইসিসি তাদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং টুর্নামেন্টের মূল নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির পরামর্শ ও মতামতকে স্বাগত জানাবে বলে আশ্বস্ত করেছে। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের মাটিতে খেলবে কি না, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট কিছু বলা হয়নি।

ভারতে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে ইতিবাচক সাড়া দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, টাইগারদের ‘পূর্ণ ও নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ’ নিশ্চিত করতে আইসিসি বিসিবির সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে ম্যাচ না খেলার প্রস্তাব দিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছিল বিসিবি। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দুই পক্ষের মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বিসিবি জানিয়েছে, আইসিসি তাদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং টুর্নামেন্টের মূল নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির পরামর্শ ও মতামতকে স্বাগত জানাবে বলে আশ্বস্ত করেছে। তবে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতের মাটিতে খেলবে কি না, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট কিছু বলা হয়নি।

এর আগে গণমাধ্যমে সংবাদ ছড়িয়েছিল যে, ভারতে খেলতে রাজি না হলে বাংলাদেশ পয়েন্ট হারাবে—এমন আলটিমেটাম দিয়েছে আইসিসি। তবে বিসিবি এই খবরকে ‘পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য’ বলে উড়িয়ে দিয়েছে। বোর্ড জানিয়েছে, আইসিসির সঙ্গে তাদের আলোচনা পেশাদার ও সহযোগিতামূলক পরিবেশে চলছে এবং কোনো ধরনের হুঁশিয়ারি দেয়া হয়নি।

ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের সূত্রপাত হয় আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বিসিসিআইয়ের নির্দেশের পর। কোনো প্রকাশ্য কারণ ছাড়াই নেয়া এ সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশের ক্রিকেটারদের ভারত সফর নিয়ে নিরাপত্তা শঙ্কা তৈরি হয়।

আরো পড়ুন: ভারতে না খেললে পয়েন্ট হারাবে বাংলাদেশ, বিসিবিকে আইসিসির বার্তা

গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ কলকাতায় (৭, ৯ ও ১৪ ফেব্রুয়ারি) এবং শেষ ম্যাচটি মুম্বাইতে (১৭ ফেব্রুয়ারি) হওয়ার কথা রয়েছে। বিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে তারা।

আরও