ঢাকার বাতাস বেশ কিছুদিন ধরেই সহনীয় পর্যায়ে রয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে আজ শুক্রবারও (২০ জুন)। আজ সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের বায়ুমান সূচক ৬০ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫০।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তথ্য বলছে, এদিন বায়ুদূষণের শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ২১৪। তালিকায় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সৌদি আরবের রিয়াদ (২১২), কঙ্গোর কিনশাসা (১৯৪), কাতারের দোহা (১৭৩) ও পাকিস্তানের লাহোর (১৫৫)।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।