কৃষিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৃষি খাতে আমদানি রফতানি বাণিজ্য সুদৃঢ় করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। গতকাল সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জানান, কৃষি খাতে আমদানি-রফতানি বাণিজ্য আরো সুদৃঢ় করতে তার দেশ আগ্রহী।

কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরো বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তিসহ সহযোগিতার মনোভাবকে বাংলাদেশ স্বাগত জানায়।’

মার্কিন রাষ্ট্রদূত নতুন দায়িত্ব নেয়ায় মন্ত্রীকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‌তার দেশ কৃষি খাতে আমদানি-রফতানি বাণিজ্য আরো সুদৃঢ় করতে আগ্রহী।’ মন্ত্রীও এ বিষয় নিয়ে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেন। বৈঠকে কৃষি, প্রাণিসম্পদ, পারস্পরিক আমদানি-রফতানি বাণিজ্য নিয়ে মন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত আলোচনা করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি বিষয়ক এক কর্মশালায় কৃষিমন্ত্রী বলেছেন, ‘কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে। দেশের প্রায় ৭০-৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। সাম্প্রতিক নির্বাচনে বিএনপি কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। মাঠ ও খামারের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততাই কৃষির বাস্তব সমস্যাগুলোকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কৃষি কার্ড চালু করা হবে। বর্তমানে দেশে কৃষকদের সঠিক ও সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব রয়েছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের প্রকৃত তথ্য পাওয়া যাবে।’

আরও