বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

৪৫, ৪৬ এবং ৪৭ এই তিন বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ১ হাজার ৬৮২ এবং ১ হাজার ৩৩১ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। তারপরও প্রত্যন্ত অঞ্চলের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।

সরকার জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

দুই হাজার চিকিৎসক নিয়োগের ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, চিকিৎসক নিয়োগের একটা কথা আসছে, অনেক চিকিৎসক নিয়োগ করতে হবে। ৪৫, ৪৬ এবং ৪৭ এই তিন বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ১ হাজার ৬৮২ এবং ১ হাজার ৩৩১ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান। তারপরও প্রত্যন্ত অঞ্চলের কথা বিবেচনা করে আমরা জরুরি ভিত্তিতে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।

তিনি বলেন, চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও সেটি হয়নি। গত ৫ মার্চ এ বিষয়টিকে পুনরায় বিবেচনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে। এতে চিকিৎসকদের বিসিএস দেওয়ার বয়সসীমা ৩৪ বছর করার প্রস্তাব করা হয়েছে।

বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সর্বনিম্ন বেতন সরকার নির্ধারণ করে দেবে জানিয়ে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে যেসব চিকিৎসক কর্মরত আছেন তাদের একটি বেতন কাঠামো (পে-স্কেল) দাবি করা হয়েছে। আসলে তাদের পে-স্কেল দেওয়াটা একটা কঠিন বিষয়। কারণ, এটি ইউনিফর্ম কাঠামো নয়। ঢাকা, বিভিন্ন মহানগর, জেলা শহর, উপজেলা শহর, বিভিন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের বেতনক্রম ভিন্ন হবে।

বিশেষ সহকারী বলেন, তবে চিকিৎসকদের জন্য একটি সর্বনিম্ন বেতন কাঠামোর প্রস্তাব দেব। বেসরকারি যেসব চিকিৎসাসেবা প্রতিষ্ঠান আছে, তাদের মালিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে খুব দ্রুত চিকিৎসক এবং চিকিৎসকদের সহায়ক নার্সসহ অন্যদের জন্য একটি সর্বনিম্ন বেতন প্রণয়নের চেষ্টা করব।

সূত্র: বাসস

আরও