চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলীপুর গ্রামে বর্গা নিয়ে আবাদ করা দু বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে কেটে জড়ো করে রাখা ধানে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, দরিদ্র দিনমজুর কৃষক আলীপুর গ্রামের মরহুম আকবার আলীর ছেলে রমজান আলীর বর্গা নেয়া দুবিঘা জমির পাকা ধান কেটে মাছমারা বিলের মাঠে জড়ো করে রেখেছিল। শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা ওই জড়ো করা ধানে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেও না পারলে তার সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
তিনি বলেন, কৃষক রমজান আলীর দুবিঘা জমিতে প্রায় ৫০ থেকে ৬০ মন ধান হতো, যার আনুমানিকমুল্যে ৪০ থেকে ৫০ হাজার টাকা। ধান পুড়ে যাওয়ায় বর্তমান তার করুণ অবস্থা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে তাকে আউশ ধানের জন্য বীজ দিয়ে তাকে সার্বিক সাহায্য সহযোগিতা করা হবে।
কৃষক রমজান আলী বলেন, দুবিঘা জমি বর্গা নিয়ে চাষ করি। এই ধানটুকুই ছিল আমার শেষ সম্বল। এই ধানের কিছু অংশ বিক্রি করে আমি পাওনাদারদের টাকা পরিশোধ এবং কিছু অংশ খাওয়ার জন্য রাখার কথা ভেবেছিলাম। কিন্তু এই ধান পুড়ে যাওয়ায় আমি একেবারে নিঃস হয়ে পড়েছি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম ও জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম।
জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, কৃষক রমজান আলীর দুবিঘা জমিতে রাতের আধালে কে বা কারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করেছেন। তবে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।