ঢাকার বাতাসে দূষণের মাত্রা আজ ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার রেকর্ড অনুযায়ী, ১৪৪ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তবে বাংলাদেশেই ঢাকার চেয়ে বায়ু দূষণে এগিয়ে আছে আরো দুটি শহর। ১৮২ নিয়ে গাজীপুর ও ১৮১ স্কোর নিয়ে সাভারের বায়ুমান ঢাকার চেয়েও নেমেছে।
এদিকে, এখনকার রেকর্ড অনুযায়ী, আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর পাকিস্তানের লাহোর— স্কোর ২৫১। ২৩৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে দিল্লি। এর পরের তিনটি অবস্থানে রয়েছে বাগদাদ, করাচী ও ম্যানিলা।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।