বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন চাঁদপুরের নবনির্বাচিত এমপি

নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নেয়ায় নবনির্বাচিত এমপির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল

চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে অভিযুক্ত পাঁচ কর্মীকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে ভোটগ্রহণ চলাকালে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় পরদিন শুক্রবার নির্বাচন-পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন—চাঁদপুর শহরের বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লুৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬), ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০)। এছাড়া রাতের দিকে ওয়ারলেস বাজার এলাকা থেকে মনির ও ফাহিম নামের আরো দুই যুবককে থানায় সোপর্দ করা হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থান নেয়ায় নবনির্বাচিত এমপির এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, দায়িত্ব গ্রহণের শুরুতেই দলীয় পরিচয়ের ঊর্ধ্বে ওঠে এমন পদক্ষেপ ভবিষ্যতে এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও