ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মধ্যে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ পরিকল্পনার কথা জানান।
এসময় তিনি বলেন, সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। ঈদের আগেই এ নির্বাচনের যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই আমরা। এছাড়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন ঈদের পরে করা হবে।
সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আরপিও অনুযায়ী, যে দল সাধারণ আসনে যতটি আসন পায়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। কোনো দল একাধিক আসন পেলে তবেই নারী আসন পায়। স্বতন্ত্ররা এককভাবে নারী আসন পান না। উল্লেখ্য যে, অনুপাত দশমিক ৫ বা তার বেশি হলে ১টি আসন ধরা হয় আর দশমিক ৫-এর কম হলে ধরা হয় না।
ইসি সূত্রে জানা গিয়েছে যে, রাজনৈতিক দলগুলো দলীয় ফোরামে অনুমোদিত নারী প্রার্থীদের তালিকা ইসিতে জমা দেয়। তালিকার বাইরে কেউ নির্বাচিত হতে পারেন না। তালিকায় নাম থাকলেই শুধু ভোটে অংশ নেয়ার সুযোগ থাকে।