দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭

গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে গিয়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-১২০৯) ভোর রাতের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ১৩ জন শ্রমিক নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আহত হন ৬ জন।

নিহতরা হলেন আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার দুর্ঘটনার বিষয়টি সংবাদমাধ্যশকে নিশ্চিত করেছেন। মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

আরও